ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচন কমিশনের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়কের চান্দুরা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়।

অবরোধের কারণে শাহবাজপুর থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন, এনসিপির মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন, হেফাজতের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোকে সুবিধাভোগী মহল রাজনৈতিক স্বার্থে বিভিন্ন উপজেলায় ভাগ করেছে। এতে বারবার অবিচার হয়েছে স্থানীয় মানুষের সঙ্গে।

তারা দাবি জানান, বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে সদর আসনের সঙ্গে যুক্ত না করে বর্তমান কাঠামো বহাল রাখতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর অংশে অবরোধ কর্মসূচি পালন করা হবে।’

এর আগে, গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।