জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে, আর সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা সেই ষড়যন্ত্রেরই অংশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপরও একইভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে ধারাবাহিক এসব হামলা প্রমাণ করে, দেশে ফ্যাসিবাদী শাসনের দোসররা এখনো সক্রিয় এবং রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে রেখে এমন পরিস্থিতি জাতির জন্য অশনি সংকেত বহন করছে।
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।