টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)।

তাদের কাছ থেকে ৩৩ কেজি তামা, ৯৭ কেজি স্টিলপ্লেট ও ২৬ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া এসব সরঞ্জামের মূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ কামরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরি করে আসছে। এতে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে পুলিশের তৎপরতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রাহকদেরও সতর্ক থাকার আহ্বান জানান।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।