সব ক্ষমতা আবুল মিয়ার বলল সেদিন তার হাতে
সামনে ছিল হাজার মানুষ তাল দিল সাথে সাথে
এক তুড়িতেই করতে পারেন সব সমাধান তিনি আজ
হোক না সেটা অনেক বড় কিংবা পাড়ার ছোট্ট কাজ।
কিন্তু দুদিন পরেই দেখি আবুল মিয়া হয় না বের
এই খবরও একেক করে ঢুকল কানে সকলের
ভক্ত সকল আসলো ছুটে আবুল মিয়ার নিতে খোঁজ
কিন্তু তিনি দেন না দেখা, কাজটা তো নয় খুব সহজ।
চেষ্টা তবু চলছে তাদের ছাড়ছে নাকো হাল কোনো
অপেক্ষাতেই রইল সবাই যাচ্ছে নাকো একজনও
দীর্ঘ সময় পরে শেষে খবর এলো একখানা—
এডিস মশার ভয়ে নাকি বাহির হতে তার মানা।