রাকসু নির্বাচন : ভিপি পদে ২০, জিএস পদে ১৫ জন প্রার্থী লড়তে চান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬২ জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার ( ৭ সেপ্টম্বর) রাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় থাকলেও রাত পৌনে ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এর আগে প্রথম দিন গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়। তিনটি স্তরের নির্বাচনে অংশ নিতে মোট ৯২৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি পদে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। ওই সময় রাকসুতে ৩৯৫ জন, সিনেটে ৮৪ জন এবং ১৭টি হলে ৭৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে, মনোনয়নপত্র জমা দেননি রাকসুতে ১২৬ জন, হল সংসদে ১৫১ জন এবং সিনেটে ২২ জন।

রাকসুর ২৩টি পদে ২৬০ জন মনোনয়নপত্র জমা দেওয়া পদপ্রার্থীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন রয়েছেন।

এ ছাড়া ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৬, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ১১, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৯, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৭, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৮, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে ১৩, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া মিডিয়া ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৯, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৮, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৬, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১৮ এবং নির্বাহী সদস্যপদে ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কোন হলে কতজন প্রার্থী
প্রতিটি হলে ১৫টি পদে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭টি হলে নির্বাচনে অংশ নিতে মোট ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ৪১ জন, শাহ মখদুম হলে ৪৩, নবাব আব্দুল লতিফ হলে ৩০, সৈয়দ আমীর আলী হলে ৪০, শহীদ শামসুজ্জোহা হলে ৩৮, হবিবুর রহমান হলে ৪৯, মতিহার হলে ৪৮, মাদার বখশ হলে ৪২, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৫১, শহীদ জিয়াউর রহমান হলে ৪৬, বিজয়-২৪ হলে ৩৫ জন। অন্যদিকে ছাত্রীদের মন্নুজান হলে ২৬ জন, রোকেয়া হলে ২২, তাপসী রাবেয়া হলে ২৪, বেগম খালেদা জিয়া হলে ২০, রহমতুন্নেসা হলে ২১ এবং জুলাই-৩৬ হলে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ৮ ও ৯ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওই দিন কোন পদে কে এবং নারী কতজন—এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সবশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।