দাদার লাশ দাফনে গিয়ে খাটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতিসহ দুজনের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাদার মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতিসহ দু্ই তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রঘুনাথপুর এলাকার আনিস হাওলাদার (৭০) বার্ধক্যের কারণে মারা যান। আসরের নামাজ শেষে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মরদেহ কবরে নামানোর সময় স্টিলের খাটিয়াটি পাশে লিকেজ থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে সরোয়ার ও ফিরোজ সিকদার নিহত হন। নিহতদের মধ্যে সরোয়ার মৃত আনিস হাওলাদারের ছেলের ঘরের নাতি।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, স্বজনের মরদেহ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।