চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
সোমবার সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেওয়া ব্যবসায়ীরা আনোয়ার পাশাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে অবিলম্বে তাকে অপসারণ এবং নতুন নিরপেক্ষ প্রশাসক নিয়োগের দাবি জানান। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
ব্যবসায়ী নেতাদের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পতনের পর চেম্বারের পরিচালনা পরিষদ পদত্যাগে বাধ্য হলে প্রশাসক হিসেবে নিয়োগ পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। তার দায়িত্ব ছিল ব্যবসায়ীদের মতামত নিয়ে সদস্যপদ যাচাই-বাছাই ও নবায়নসহ সংস্কার সম্পন্ন করে ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা। কিন্তু দফায় দফায় মেয়াদ বাড়িয়ে তিনি এখনও প্রশাসক পদে বহাল আছেন।
তাদের অভিযোগ, সংবিধান অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সদস্যপদ নবায়নের সময়সীমা থাকার কথা থাকলেও প্রশাসক ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ১ সেপ্টেম্বর নবায়নের শেষ তারিখ বেঁধে দেন। এতে প্রায় ১৩ হাজার ৭০০ সদস্যের মধ্যে মাত্র ৬ হাজারের কিছু বেশি নবায়ন করতে পেরেছেন। অ্যাসোসিয়েট ও ট্রাউন গ্রুপের ভোটার নিয়েও নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, আবু ফয়েজ খান ও দিদারুল আলম চৌধুরী বক্তব্য দেন। শহীদুল ইসলাম বলেন, “আমরা চাই সর্বস্তরের ব্যবসায়ীদের মতামত ও ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক। কিন্তু বর্তমান প্রশাসক ব্যবসায়ীদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে তড়িঘড়ি করে নির্বাচন ঘোষণা করেছেন। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
ব্যবসায়ীরা অবিলম্বে প্রশাসক আনোয়ার পাশার অপসারণ দাবি করে বলেন, নতুন প্রশাসকের অধীনে পূর্ণ সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।