দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেটের দেওয়ান বাড়ি এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকেলে অভিযান শেষ হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাজউক জোন-২/১ এর আওতাধীন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়। পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভবন মালিকদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, “রাজউকের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদিত নকশা বহির্ভূত কোনো ভবন রাজধানীতে সহ্য করা হবে না। আজকের অভিযানে বেশ কিছু ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ নকশা ভঙ্গ করে ভবন নির্মাণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।আজকে দুইটি ভবনে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে”

তিনি আরও বলেন, রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প বা বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। যারা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করবেন, তাদের অবশ্যই রাজউক থেকে অনুমোদন নিয়ে নির্ধারিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে।

অভিযানে রাজউক জোন-২/১ এর অথরাইজড মো. সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শক, অন্যান্য ইমারত পরিদর্শকসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।