ডাকসু নির্বাচনে ভোটারদের যে পরামর্শ দিলেন সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা কেমন প্রার্থীকে ভোট দেবেন সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

ফেসবুক পোস্টে সারজিস লিখেন, ‘নাজিরাবাজার, স্টার কাবাব, এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম! সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।’

Screenshot 2025-09-09 052113
 
‘যোগ্যতা মানে এটা নয়- কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে এটা যেমন ঠিক তেমনি এটাও মনে রাখতে হবে- আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।’
 
তিনি আরও লিখেন, ‘কিছু বিষয়ে মাথায় রাখবেন। আপনার লিডার এমন হতে হবে যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকবে, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে।’