বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ শতাব্দী পুরোনো একটি প্রাচীন মসজিদ। স্থানীয়ভাবে এটি "আলিয়া মসজিদ" নামে পরিচিত। ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে এই স্থাপনাটি এখনো দৃশ্যমান এবং দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।
উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই মসজিদটি আবিষ্কৃত হয় প্রায় ২৫ বছর আগে। স্থানীয়রা জানান, হাজারকি গ্রামের পূর্ব পাশের পরিত্যক্ত আলিয়া পুকুরপাড়ে জঙ্গল পরিস্কার করতে গিয়ে মসজিদটির অস্তিত্ব প্রকাশ পায়। এরপর থেকেই এটি এলাকাবাসীর আগ্রহ ও বহিরাগত দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
মাত্র ১৩ ফুট দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের মসজিদটির উচ্চতা প্রায় ২২ ফুট। ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। পূর্ব দিকে রয়েছে তিন ফুট উচ্চতার একটি প্রবেশদ্বার। মসজিদের ভেতরে রয়েছে ছোট্ট একটি মিহরাব এবং কোণায় রয়েছে কারুকার্যময় নকশা, যা এখনও চোখে পড়ার মতো।
বাহিরের দেয়ালে পোড়া ইটের ক্ষয় ধরা পড়লেও ভেতরের গম্বুজ ও ইটের গঠন এখনো মজবুত ও দৃষ্টিনন্দন। তবে মসজিদটিতে কোনো নামফলক বা শিলালিপি না থাকায় এর নির্মাণকাল বা নির্মাতার নাম নির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, এটি মুঘল আমলের কোনো নিদর্শন হতে পারে।
বর্তমানে মসজিদটির গায়ে শ্যাওলা ও আগাছা জমে রয়েছে। অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও স্থানীয় উদ্যোগে দুইবার এর সংস্কার করা হয়েছে। তবে এখনো কোনো সরকারি উদ্যোগে সংরক্ষণের পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়ভাবে এটি “জিনের মসজিদ” নামেও পরিচিত।
মসজিদের ইমাম জানান, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, জঙ্গল পরিস্কার করতে গিয়ে এ মসজিদটির সন্ধান পাওয়া যায়। এখন এখানে নিয়মিত নামাজ আদায় হয়। তবে সরকারি সহযোগিতা ছাড়া মসজিদটির স্থায়ীভাবে সংরক্ষণ সম্ভব নয়।
মসজিদ সংলগ্ন বাড়ির বাসিন্দা জেল হক বলেন, “আমার দাদার সময় থেকেই এ মসজিদকে এমন অবস্থায় দেখে আসছি। প্রতিদিন বহু মানুষ আসে এটি দেখতে।”
বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আলিয়া মসজিদটির বয়স আনুমানিক ৫০০ বছর। এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। প্রাচীন নিদর্শন ও পর্যটন সম্ভাবনার অংশ হিসেবে এটি সংরক্ষণ করা জরুরি। আমি মসজিদটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। সরকারি উদ্যোগ ছাড়া এর ঐতিহাসিক গুরুত্ব রক্ষা করা সম্ভব নয়।