হাতিয়ায় এনজিওর কার্যালয় থেকে ঋণগ্রহীতাকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় একটি এনজিও সংস্থার কার্যালয়ে বিষপান করেন  শংকর চন্দ্র সাহা (৪০) নামের এক ব্যবসায়ী। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সোমবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ওছখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শংকর সাহা উপজেলার ৫ নম্বর চর ঈশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীদিয়া গ্রামের সচিন্দ্র সাহার ছেলে। তিনি ওছখালী বাজারে একটি চা ও খাদ্যপণ্যের দোকান চালাতেন।

তার ছোট ভাই উত্তম সাহা বলেন, শংকর সাহা গত বছর হীড বাংলাদেশ সংস্থা থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন, যা তিনি নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করেন। এরপর পুনরায় ঋণ পেতে সোমবার বিকেলে সংস্থার কার্যালয়ে যান। তবে অফিসে গিয়ে ঋণ সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। কিছু সময় পর হঠাৎ করে অফিস কর্তৃপক্ষ তাকে ফোন করে জানায়, শংকর বিষপান করেছেন।

নিহতের ছেলে হৃদয় সাহাকেও একই সময় ফোন করে বিষপানের খবর জানানো হয়।

পরিবারের সদস্যদের দাবি, শংকরকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে অপমান করা হয়েছে এবং এটি একটি সাজানো ঘটনা। 

এদিকে হাতিয়ার শাখার ব্যবস্থা কাউসার উদ্দিন বলেন, শঙ্কর সাহা পূর্বের ঋণ পরিশোধ করেছে এবং নতুন ঋণের জন্য আসলে তার কিছু অনিয়মের কারণে তাকে ঋণ দেওয়া হবে না বলে জানানোর পর তিনি পাশের বাথরুমে গিয়ে বিষ পান করেন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।   

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আজ লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।