নির্বাচক প্যানেলে বহাল নান্নু-সুমন

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন আনার গুঞ্জন ছিল। তবে আজ শনিবার বিসিবির বোর্ড সভা থেকে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি। তাই দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন স্বপদে বহাল থাকলেন। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড। 

নির্বাচক প্যানেল হবে দ্বিস্তর বিশিষ্ট। যার মধ্যে নির্বাচক প্যানেলে থাকছেন নান্নু ও হাবিবুল বাশার। তারা দল নির্বাচন করবেন। এছাড়া নির্বাচক কমিটিতে থাকবেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, প্রধান কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক। বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন : মানিকগঞ্জে ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

শেষ তিন বছর বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে নির্বাচক হিসেবে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। 

এছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের নিয়োগও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। 

ইত্তেফাক/কেআই