বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে, যার কারণে মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ু দূষণের কবলে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে শহরটির বায়ুমানের কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ৭৫ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০তম অবস্থানে আছে। বায়ুমানের এই স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়।
একই সময়ে, ১৬৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। এরপরেই ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, ১৩২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এছাড়া চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরবের রিয়াদ (১২৮ স্কোর) এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১২৪ স্কোর)।
একিউআই (AQI) স্কোর শূন্য থেকে ৫০ হলে তা 'ভালো' হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর 'মাঝারি' এবং ১০১ থেকে ১৫০ স্কোর 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে 'অস্বাস্থ্যকর' বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয় এবং এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।