চলন্ত ট্রেন থেকে বিকট শব্দে বিচ্ছিন্ন ৩ বগি

যাত্রী নিয়ে সিলেট থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কালনী এক্সপ্রেসের তিনটি বগি। এ সময় বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও যাত্রী সূত্রে জানা গেছে, সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল ট্রেনটি। পথে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ তালশহর রেলস্টেশন এলাকায় বিকট শব্দে ট্রেনের কাপলিং খুলে পড়ে। এতে মুহূর্তেই পেছনের ৩টি বগি আলাদা হয়ে যায় । এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনচালক বিষয়টি বুঝতে পেরে ২/ ৩'শ মিটার দূরে গিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার পর আপ লাইনে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছনে ফিরে এসে আলাদা হয়ে যাওয়া ৩টি বগি যুক্ত করে। সর্বশেষ প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সোয়া ১টায় কালনী এক্সপ্রেস  তালশহর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তালশহর রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবিরতি দিয়ে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন পাড় হওয়ার সময় পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় কাপলিং খুলে আলাদা হয়ে যায়। দুর্ঘটনার  আপ লাইনে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির ইঞ্জিনসহ বাকি বগিগুলো যুক্ত করে দেড় ঘণ্টা পর দুপুর সোয়া ১টায় ট্রেন চলাচল  স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর দুপুরে তালশহর স্টেশনে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কম্পিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।