সিংগাইরে যাত্রীবেশে বাইক রাইডারকে কুপিয়ে বাইক ছিনতাই

মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবেশে বাইক রাইডারকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির কাছাকাছি ফোর্ডনগরে কাইফ এগ্রোর সামনে এ ঘটনা ঘটে।

আহত রাইডার কামরুল হাসান (৩৪) পিরোজপুরের নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে। তিনি এ ঘটনায় সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে কামরুল উল্লেখ করেন, সেদিন রাত ১০টা ৪০ মিনিটে মিরপুর-২ থেকে ৬০০ টাকা ভাড়া চুক্তিতে অজ্ঞাতনামা এক যাত্রীকে সিংগাইর উপজেলার ধল্লা ব্রিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে পদ্মার মোড় এলাকায় যাত্রীর এক সহযোগীও তার বাইকে ওঠে। ফোর্ডনগরে পৌঁছালে হঠাৎ যাত্রীর হেলমেট পড়ে যায়। বাইক থামানো মাত্রই তারা ধারালো অস্ত্র দিয়ে কামরুলের পিঠে কোপ দেয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা ঢাকা মেট্রো-ল-৪২-৩৫৩০ নম্বর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

থানার এসআই ফজলার বলেন, ধল্লা পুলিশ ফাঁড়িতে বর্তমানে স্থায়ী পুলিশ থাকে না, তবে নিয়মিত চেকপোস্ট বসে। ঘটনাটি চেকপোস্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঘটেছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, অভিযোগ পাওয়া গেছে। তবে ধারালো অস্ত্র নয়, হেলমেট দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।