রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে অসতর্ক হয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি জানান, শুক্রবার সকালের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, ‘আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি ওই নারী অসতর্কভাবে কুড়িল রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনাটি ঘটে। আমরা এখনও তাঁর নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’