চাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ২৮ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আমেজ। এ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থী ও ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস। ইতোমধ্যেই গঠনতন্ত্র সংস্কার করে ২৮ পদে কেন্দ্রীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটারের সংখ্যা বলা হয়েছে ২৭ হাজার ৬৩৮ জন। 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রথম দিনের মতো মনোনয়নপত্র বিতরণ করেন নির্বাচন কমিশন। এদিন ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৬ জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে আর দুইজন হল সংসদের জন্য মনোনয়ন তুলেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ফরম তুলেছেন ৭জন। জিএস ও এজিএস পদে ২ জন করে মোট ৪ জন বাকিরা অন্যান্য পদে ফরম তুলেছেন। 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনিটা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এজন্য কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের ৩০০টাকা ফি ও হল সংসদ প্রার্থীদের ২০০ টাকা ফি প্রদান করতে হবে।

১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ সমাপ্তির পরপরই শুরু হবে ভোট গণনা।

চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। আজকে অনেক প্রার্থী স্বাচ্ছন্দে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের সাথে আমি কথা বলেছি তারাও অনেকটা আনন্দ প্রকাশ করেছেন। আশা করি শেষ দিন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের যাবতীয় কার্যক্রম চালিয়ে নিতে পারব।