এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ভারত এবং ওমানকে পাকিস্তান বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচের একাদশ নিয়েই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করে দিয়েছিল। সেই রান তারা তাড়া করে মাত্র ৪.৩ ওভারে। অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৬০ রান করে এবং ওমানকে মাত্র ৬৭ রানে অলআউট করে দেয়।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই। দুই দলের ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতেই ভারত জিতেছে। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কম রানের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল।
পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।
ভারত একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।