ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭২ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিনের নেতৃত্বে উপজেলার সদর বাজারের গৌর মন্দির সংলগ্ন দুটি দোকান ঘরে অভিযান চালানো হয়। অভিযানে মোতাহারের দোকান ঘর থেকে ১৫০ বস্তা এবং রহমত আলীর দোকান ঘর থেকে ২২ বস্তা চাল জব্দ করা হয়।
এ সময় আরও জব্দ করা হয় বেশ কিছু খালি বস্তা, একটি ওজন মাপার যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র। ঘটনাস্থল থেকে দুইজন শ্রমিককে আটক করা হলেও দোকানদার মোতাহার মিয়া ও রহমত আলী পলাতক রয়েছে।
আটক হওয়া শ্রমিকরা হলেন- আশুরাইল গ্রামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০)। তাদের রাতেই ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, সরকারি চাল পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত চাল আমাদের হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।