সিলেটের জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর আবু সুফিয়ান (২৬) নামের এক তরুণ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লাঘাট এলাকায় মরদেহ ভেসে ওঠে।
নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নিখোঁজ সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন আবু সুফিয়ান। সেদিন তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন। বিকেলে ৮ জন একসঙ্গে পানিতে নামলে বাকিরা উঠে এলেও তীব্র স্রোতের টানে তলিয়ে যান তিনি। এরপর থেকে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালায়।