গাজীপুরে রেলপথে বিক্ষোভ, ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবি পেশ

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে চলমান ষড়যন্ত্র এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে গাজীপুরের মাঝিরখোলা রেলক্রসিং-এ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী রেললাইন অবরোধ করে এ কর্মসূচি শুরু করেন। এর ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, দেশের প্রায় ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবি তারা ভিত্তিহীন ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। তাদের মতে, এসব দাবি বাস্তবায়ন হলে জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে এবং শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেবে।

বক্তারা এ সময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সাত দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন তারা।

ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি:

১. শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করা।
২. সকল প্রতিষ্ঠানে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীর জনবল কাঠামোতে অনুপাত ১:৫ নির্ধারণ।
৩. উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতির সুযোগ বাস্তবায়ন।
৪. ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জারি করা প্রজ্ঞাপন অমান্য করে নিচু স্তরের পদে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগ বন্ধ করা।
৫. ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানো বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৬. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১২ নির্ধারণ করে শিক্ষক সংকট নিরসন।
৭. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন।