জুলাই শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চ চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
চরমোনাই পীর বলেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের বাচ্চারা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিলো, দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। সেইজন্যই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে যাতে করে দেশে কোনো অবস্থাতেই আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।
তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।
ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করিম বলেন, যেভাবে ক্ষমতালোভীরা ভোটের মাধ্যমে মেধাবীদের লজ্জা দিয়েছে, নিজেদের না শোধরালে আগামী জাতীয় নির্বাচনেও জনগণ তাদের কলঙ্কিত করবে।