টেকনাফে বিজিবির অভিযানে ১২ মানব পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে ১২ জন মানব পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

আটককৃতরা হলেন- টেকনাফের বাসিন্দা মো. আব্দুর রশিদ (৩৫), মো. মিজানুর রহমান (২০), জাহেদ (১৮), মো. জুবায়ের (৩৩), নুরুল আবছার (১৮),  মো. ইসমাইল (৩২),  মো. ইমরান (২৮), নুর মোহাম্মদ (৪০), খুরশিদা বেগম(৩৪) এবং রোহিঙ্গা মো. আবু তৈয়ব (২৫), মো. ইদ্রিস (৩৫), মাহমুদুল্লাহ (৩০)।

তিনি জানান, বিভিন্ন সূত্রের জানা গেছে- বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সঙ্ঘবদ্ধ চক্র মানবপাচার তৎপর। এ সকল মানবপাচারে সক্রিয় চক্রের দৌরাত্ম অনেক বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি হয়েছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে বিজিবির অভিযান শুরু করে এবং সফলতা পেয়েছে। গত মঙ্গলবার রাতে সঙ্ঘবদ্ধ মানবপাচারকারী চক্রের ১২ সদস্যকে আটকের পরে ১১ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ১৫ জন, আগস্ট মাসে ৪ জন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত সীমান্তে ১৭ জন মানবপাচারকারী সদস্যকে আটক করা হয়েছে। 

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, অপহরণ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি বেশ কিছু অভিযান পরিচালনা করলে কয়েকেজন আটক হয়। তাদের দেওয়া তথ্য এবং গোয়েন্দাদের অনুসন্ধানে জানতে পারি- স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানবপাচার ও মাদক পাচারের সাথে জড়িত।  বাংলাদেশে থাকা হোসেন, সাইফুল এবং নিজাম এই সংঘবন্ধ চক্রের মূল হোতা।  এই তিনজনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলে বিভক্ত হয়ে তারা এই মানবপাচার করে থাকে।