৪ হাজার টাকা ‘চুরিকে’ কেন্দ্র করে বেধড়ক পিটুনি, যুবক নিহত

দিনাজপুরের বিরামপুরে সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে চুরির ঘটনাকে কেন্দ্র করে সাজিদুল ইসলাম নামে (৩৮) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সর্বশেষ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাজিদুলকে মারধরের ঘটনা ঘটে।

সাজিদুলের স্বজনদের বরাতে পুলিশ জানায়, নিজ ঘরের তোশকের নিচে ৬ হাজার টাকা রেখেছিল সাজিদুল। বৃহস্পতিবার সেই টাকা খুঁজতে গিয়ে দেখেন সেখান থেকে ৪ হাজার টাকা খোয়া গেছে। বিষয়টি তার মা সাজেদা বেগমকে জানালে তিনি জানান, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রায়হান কবির (২৫) ও বেলাল হোসেনের ছেলে নুরুন্নবী (২৮) সাজিদুলের ঘরে প্রবেশ করেছিল।

বৃহস্পতিবার বিকেলে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুজনকে দেখে সাজিদুল ইসলাম তার ঘর থেকে টাকা নেওয়ার বিষয় জিজ্ঞেস করেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে সাজিদুলকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আঘাত পান সাজিদুল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে  দিনাজপুর রেফার্ড করেন। সন্ধ্যায় দিনাজপুর নেওয়ার পথে অবস্থার অবনতি ঘটলে সাজিদুলকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।