আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ২৪ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে।

প্রথম দিনে (১৯ সেপ্টেম্বর রাত থেকে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনে শনিবার (২০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রোববার তৃতীয় ও সোমবার চতুর্থ দিনে (২১ ও ২২ সেপ্টেম্বর) ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দুই দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার পঞ্চম দিনে (২৩ সেপ্টেম্বর) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও শেষ দিকে তা বাড়তে পারে।