খুলনায় একটি মাছের ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজগর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার গ্রামের মহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছে। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। শনিবার রাতে চোরেরা কীটনাশক ছড়িয়ে মাছ ধরার সময় পাহারারত এলাকাবাসী মাছ চোর আজগরকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডেঙ্গু রোগীর জন্য ৪০শয্যাবিশিষ্ট সেল চালু করেছে বিএসএমএমইউ
রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, আমদাবাদ বিলে তিনটি মাছের ঘের আছে। শনিবার দিবাগত রাতে ওই ঘেরে কীটনাশক দিয়ে মাছ চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আজগরকে ধরে ফেলে গণপিটুনি দেয়। এ সময় বাকি দু’জন পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘেরে কীটনাশক দেওয়ায় সব মাছ মরে ভেসে ওঠেছে।
ইত্তেফাক/এমআরএম