বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নাজমুল আহম্মেদ নয়ন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নয়ন শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

শনিবার রাতে শহরতলির ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বগুড়া শজিমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র দাখিল

নিহত নাজমুল বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাইজুল ইসলাম তাজেলের ছেলে। তিনি শহরের কলোনি এলাকায় বেসরকারি পলিটেকনিক আইআইটিবিতে ডিপ্লোমা প্রকৌশল বিভাগে পড়াশোনা করতেন।

পুলিশ জানায়, নাজমুল আহম্মেদ নয়ন শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি শহরতলির চারমাথা ভবের বাজার এলাকায় পৌঁছালে বগুড়া-ঢাকা মহাসড়কের সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এসময় নয়ন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, স্বজনরা খবর পেয়ে নয়নের মরদেহ বাড়িতে নিয়ে যান।
শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া জানান, নয়ন ডিপ্লোমা প্রকৌশল বিভাগে পড়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সম্প্রতি বিয়েও করেছেন।

ইত্তেফাক/এমআরএম