সকালে বৃষ্টিপাত হলেও শহরের বাতাসের মান অস্বাস্থ্যকরই রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ১০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে, ১৭৩ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এর পরের অবস্থানগুলোতে ছিল ভারতের কলকাতা (১৫৪ স্কোর), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১ স্কোর), ইথিওপিয়ার আদ্দিস আবাবা (১৪৪ স্কোর) এবং কঙ্গোর কিনশাসা (১১৫ স্কোর)।
বায়ুমানের স্কোর (একিউআই) অনুযায়ী, ৫০ বা তার কম স্কোরকে ভালো বায়ু হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। যদি স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তবে তা অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।