মুন্সীগঞ্জের গজারিয়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাটের পন্টুন। ফলে ভোগান্তিতে পড়েছেন ঐ পথ দিয়ে নিয়মিত চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফুলদী নদীর দুই পাড়ে এমনই চিত্র দেখা যায়। জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, রসুলপুর-সোনালী মার্কেট ফেরিঘাট দিয়ে প্রতিদিন কয়েক শ ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন উপজেলার বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। গত কয়েক মাস ধরে জোয়ারের পানিতে পন্টুন তলিয়ে যাওয়ায় নদী পারাপারে এসব ছোটবড় পরিবহনের চালক ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ফেরি চালক সামছুল ইসলাম বলেন, জোয়ারের সময় পানি বেড়ে পন্টুন তলিয়ে যায়। তখন গাড়ি ওঠানামায় সমস্যা। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের জানিয়েছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, আমরা কয়েকবার ইট ফেলে ফেরিঘাটের দুই অংশে পন্টুন উঁচু করে দিয়েছি। প্রয়োজনে আবারও পন্টুন উঁচু করে দেওয়া হবে। সমস্যা সমাধানে দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি।