রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর বংশালের নাজিরাবাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আমিন হোসেন (৩০) নামে এক বেকারি কর্মচারী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল নিয়ে রাস্তায় যাওয়ার সময় বৃষ্টির পানিতে পড়ে অচেতন হয়ে যান আমিন। স্থানীয় লোকজন বাঁশ দিয়ে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সকাল পৌনে ১০টার দিকে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সজল রায় বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ তিনি আরও জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

আমিনের দুলাভাই সুমন মিয়া জানান, সকালে বেকারির মালামাল সরবরাহ করতে সাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরেই দুর্ঘটনার খবর আসে। মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন আমিন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বাবার নাম বাদশা আকন।

রোববার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সোমবার ভোর থেকে ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। এর মধ্যেই নাজিরাবাজার এলাকায় প্রাণ গেল এক তরুণের।