বাল্যবিয়ের অপরাধে বর ও কনের দুলাভাইকে অর্থদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের দুলাভাইকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের সাতপাই গ্রামে এ বিয়ে আয়োজনের সময় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম সাহা।

সাজাপ্রাপ্তরা হলেন: লিমন ইসলাম — বর, ইব্রাহিম হোসেন নাহিদ — কনের দুলাভাই।

ইউএনও প্রীতম সাহা জানান, সাতপাই গ্রামের ওবায়দুল ইসলামের নাবালিকা মেয়ের সঙ্গে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিমন ইসলাম-এর বিয়ে আয়োজনের খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয়।

ঘটনাস্থলে গিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী বর লিমন ইসলামকে ৭(১) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা এবং কনের দুলাভাই ইব্রাহিম হোসেন নাহিদকে ৮ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাল্যবিয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।