রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় যুবক নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় সুজন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দিঘীরপাড় মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও নিহত সুজনের পারিবারিক সূত্রে জানা যায়. রবিবার সকালে সুজন বাড়ি থেকে নাস্তা করে নিজ বাড়ির পাশে ঢাকা-বান্দুরা সড়কে বের হয়। এসময় রাস্তা পার হতে গেলে ঢাকাগামী দ্রুত পরিবহন সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস সুজনকে চাপা দেয়। তার মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা ধাওয়া করে বাসটি আটক করে। তবে কৌশলে হেলপার ও গাড়ি চালক পালিয়ে যান। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। 

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ গোলাম নবী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ থানায় আনা হয়েছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/জেডএইচ