ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

দলীয় ৩১ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সেই ধারায় দলীয় ৮৮ রানের মধ্যে ফিরেছেন মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ ও সাব্বির। পাঁচ উইকেট হারিয়ে এখন রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ২৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ৮৮ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ রবিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটি করেন ২৬ রান। এরপর নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য (১১)। পাঁচ রানের ব্যবধানে উদানার বলে বোল্ড হয়ে তামিমও (১৯)। 

দুই ওপেনার ফিরে গেলে এরপর জোড়া আঘাত হানেন আখিলা ধনঞ্জয়ায়। দলীয় ৫২ রানে মিঠুন ও মাহমুদউল্লাহকে ফেরত পাঠান তিনি। মিঠুন ১২ রান করলেও দুই অঙ্ক ছুঁতে পারেননি মাহমুদউল্লাহ। সবশেষ সাব্বির (১১) রান আউট হয়ে ফিরে গেছেন।

আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন এসেছে। পেসার রুবেল হোসেনের জায়গায় দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন তাইজুল।

এর আগে প্রথম ম্যাচে ৯১ রানে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে সিরিজে। আজ দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে সিরিজে টিকে থাকবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাই বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ।

ইত্তেফাক/কেআই