রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে আরাফাত মোল্লা (২৫) নামে এক যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কিছু দূর এগোতেই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়পাড়া পর্যটনকেন্দ্র নতুন ব্রিজসংলগ্ন এলাকায় আরাফাত দুর্ঘটনায় পড়েন।
আরাফাত মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের কৃষক কালাম মোল্লার ছেলে ও জাকের পার্টি ছাত্র ফ্রন্টের রাজবাড়ী জেলার সহসাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি প্রথম আলো (গোয়ালন্দ) বন্ধুসভা ও গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ‘রক্তের ফেরিওয়ালা’ নামে পরিচিত ছিলেন।
এদিকে দুর্ঘটনায় আহত আরেক মোটরসাইকেল আরোহী মো. রাফিন (২১) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
আরাফাতের চাচা আবদুস সালাম মোল্লা ও পারিবারিক সূত্রে জানা যায়, আরাফাত স্নাতকোত্তর সম্পন্ন করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত শুক্রবার বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অংশ নেন। গতকাল বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ধ্যার পর মাখন রায়পাড়া পর্যটনকেন্দ্র নতুন ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত ১০টার দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়ার গতির মোটরসাইকেলের সঙ্গে আরাফাতের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালক আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরাফাতের অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরীফ ইসলাম বলেন, আরাফাতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।