ফতুল্লায় বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি: অর্ধকোটি টাকার মালামালসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১-এর সদর দপ্তর, আদমজী (সিদ্ধিরগঞ্জ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লার একটি নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটে। প্রথমে শ্রমিকদের পোশাক পরে তিন ডাকাত ভেতরে ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও সদস্যরা এসে সাবস্টেশন নির্মাণে ব্যবহৃত কেবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার কেবল, তামার তারসহ আনুমানিক ৬৫ লাখ টাকার মালামাল ট্রাকে করে নিয়ে যায়।

ঘটনার পর ফতুল্লা থানায় মামলা হলে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও মোবাইল ফোন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মূল হোতা লিটনের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।