ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বউ-শাশুড়ি মেলা’। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও স্ত্রীরোগ বিষয়ে কাউন্সেলিং, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ের উপর সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই শতাধিক বউ ও শাশুড়ি মেলায় অংশ নেন।

পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়নে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মো: মেজবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মো: মেজবাহ উদ্দিন বলেন, ‘বউ-শাশুড়ির পারস্পরিক সহযোগিতা নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে পরিবার এবং সমাজ উভয়ই উপকৃত হবে।’

মেলায় অংশগ্রহণকারী বউ নুরনাহার ও শাশুড়ি জমিলা বেগম বলেন, ‘আগে আমরা গর্ভকালীন বা নারীর স্বাস্থ্য নিয়ে শাশুড়ির সঙ্গে খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করতাম। এই মেলার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এমন আয়োজন সম্পর্ক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’