খাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
এ ঘটনায় বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছেন জুম্ম ছাত্র-জনতা। স্কুল ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৭টা থেকে ৯টার মধ্যে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভোরে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে বুধবার সকালে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুজনকেও আটকের চেষ্টা চলছে।
এদিকে ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, আদালত সড়ক, নারকেল বাগান ঘুরে এসে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেপোলিয়ন চাকমার সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থী উক্যেনু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুশীল সমাজের প্রতিনিধি সুমন চাকমা, বাগীশ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের নারী প্রতিনিধি ওয়াপাই মারমা, সাধারণ শিক্ষার্থী অংক্যমং মারমাসহ অনেকে।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়। একই সঙ্গে ২৬ তারিখ পার্বত্য চট্টগ্রামে নারী নিপিড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে মহাসমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি।