ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিতভাবে ছাপানোর অভিযোগকে গুরুত্বসহকারে তদন্ত করছে নির্বাচন কমিশন। বিষয়টি সামনে আসার পর কমিশন বলছে, এটি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও অনুসন্ধান চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে কমিশন গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারা অনুযায়ী লিখিত জবাব দিচ্ছে। ইতোমধ্যে ১৫টি অভিযোগের উত্তর দেওয়া হয়েছে, বাকি বিষয়গুলোতেও ধাপে ধাপে জবাব দেওয়া হবে।
অরক্ষিতভাবে ব্যালট ছাপানোর অভিযোগ প্রসঙ্গে কমিশন জানিয়েছে, এ বিষয়টি অতীব গুরুত্বের সঙ্গে তদন্তাধীন এবং শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।