স্যামসন এইচ চৌধুরী: এক কিংবদন্তি শিল্পোদ্যোক্তার জন্মশতবর্ষ উদযাপন

স্কয়ার গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রালে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন তার পরিবার, শুভানুধ্যায়ী, সহকর্মী, চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি এবং স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্যামসন এইচ চৌধুরী শুধু একজন সফল শিল্পোদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা ও পথিকৃত। নীতি, নৈতিকতা, সততা ও সাহসকে তিনি জীবনের আদর্শ হিসেবে ধরে রেখেছিলেন। কোনো নিয়মবহির্ভূত উপায় অবলম্বন না করেও ব্যবসায় সাফল্য অর্জন ও স্কয়ার গ্রুপকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে তিনি এই আদর্শ প্রমাণ করেছেন।

স্মরণসভায় বক্তারা তার বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন। সভার শুরুতে খ্রিষ্টীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র বাইবেল পাঠ এবং পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি ধর্মীয় বক্তব্যের মাধ্যমে তার প্রতি স্নেহাশীষ প্রকাশ করেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির বলেন, “জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কর্মতৎপরতা ও শক্তি অনুকরণীয়। তার নেতৃত্বে ওষুধ শিল্পকে এগিয়ে নিয়ে গেছি।” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইফতেখারুজ্জামান বলেন, “তার অনুপ্রেরণায় ও গাইডেন্সে আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। তিনি সবসময় বলতেন চ্যালেঞ্জ আসবে, তবে হাল ছাড়তে হবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন আইসিসিবি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, চার্চ লিডার ও সমাজসেবক ড. ডেনিস দিলীপ দত্ত এবং শিক্ষাবিদ ও সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেন, “তিনি একজন অর্থনৈতিক দার্শনিক ছিলেন। নীতি-নির্ধারণী বিষয়ে তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমার জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল।”

পরিবারের পক্ষ থেকে স্যামসনের পৌত্রী সাঞ্চিয়া চৌধুরী বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে তার দ্বিতীয় পুত্র ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, “স্যামসন এইচ চৌধুরী একজন কিংবদন্তি শিল্পপতি হওয়ার আগে আদর্শ মানুষ ছিলেন। সততা, নৈতিকতা, ন্যায়পরায়ণতা ও দানশীলতায় তিনি কখনো আপস করেননি। তার স্মরণে আজ যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।”

স্মরণসভায় স্যামসনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার জন্য ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ভিডিও এবং তার জন্মশতবর্ষে স্কয়ার গ্রুপের “৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে” মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান গান পরিবেশন করেন এবং গেৎশিমানি ব্যাপ্টিস্ট চার্চ কয়ার প্রার্থনা সংগীত পরিবেশন করে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।