প্রথমবার কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় পপ গায়িকা রিহানা

তৃতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। র‍্যাপার এসাপ রকি ও রিহানা জুটির তৃতীয়সন্তান এটি। গত ১৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। রিহানা তার কন্যার নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

তৃতীয় সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিহানা। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‌‘রাজকুমারী এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।’

২০২০ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রিহানা বলেছিলেন, ‘আগামী ১০ বছরের পরিকল্পনার মধ্যে সন্তান রয়েছে। আমার সন্তান থাকবে তিন বা চারজন।’

তৃতীয় সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন মার্কিন পপ তারকা রিহানা। ছবি: ইনস্টাগ্রাম

খানিকটা ব্যাখ্যা করে রিহানা বলেছিলেন, ‘শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হলো সুখ। পিতা-মাতা ও সন্তানের মধ্যে সত্যিকারের সুস্থ সম্পর্ক বলতে সেটাই বোঝায়। ভালোবাসা ছাড়া একজন শিশুকে প্রকৃতভাবে বড় করে তোলা সম্ভব নয়।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় পপতারকা রিহানা। ২০২২ সালে তাদের ঘরে আসে পুত্রসন্তান রায়ট। এ জুটির এটি প্রথম সন্তান। ২০২৩ সালে তাদের পরিবারে আসে তাদের দ্বিতীয় সন্তান, সেটিও ছিল পুত্র সন্তান।

মার্কিন পপ তারকা রিহানা ও র‍্যাপার এসাপ রকি জুটি। ছবি: সংগৃহীত

গত ৪ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় গায়িকার কিছু ছবি ভাইরাল হয়েছিল, সেখানে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গিয়েছিল তাকে। দ্বিতীয় সন্তান জন্মের আগে দীর্ঘদিনের প্রেমিক এসাপ রকির সঙ্গে বিয়ে সেরে ফেলার কথা ছিল। তবে ‍এখনও রিহানা এবং র‍্যাপার রকি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। এরইমধ্যে তৃতীয় সন্তানের মা হলেন রিহানা।

প্রসঙ্গত, এক দশক ধরে রিহানা ও এসাপ রকির বন্ধুত্ব। ২০১২ সালে একটি মিউজিক অ্যাওয়ার্ডসের সময় প্রথম পরিচয় হয়। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৯ সালের শেষের দিকে। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিহানার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিহানা।