বিরতির পর

র ফি কু ল  ই স লা ম

 

অভিনয়ের ক্যারিয়ারের শুরুর দিকে বাংলা লিংকের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন ফারহানা মিলি। বিজ্ঞাপনে মিলি ছোট একটি ছেলের বড় বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। মিলির সংলাপ ছিল এমন, ‘আমারে ছাড়া থাকতে পারবি?’ পরবর্তী দৃশ্যেই ছেলেটার সংলাপ ছিল এমন, ‘মা বুবু কী কাল সকালেই চইলা যাইব?’ বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতে ছোট ছেলেটির মন খারাপ ছিল। ভাই-বোনের এমন আবেগঘন দৃশ্য সে সময় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এই বিজ্ঞাপনের পর ফারহানা মিলি আরও কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। তবে দীর্ঘদিন পর একটি ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেলেন তিনি। পূজা রোজারিওর নির্দেশনায় আরএফএলের বেবি ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ফারহানা মিলি ও তার সঙ্গে ছোট্ট একটি শিশুর অনবদ্য অভিনয়ে বিজ্ঞাপনটি হয়ে উঠেছে বেশ নান্দনিক, এমনটাই জানালেন ফারহানা মিলি। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘ভালো কনসেপ্টের বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ তো সবসময়ই থাকে। কিন্তু সবসময় আসলে ব্যাটে বলে হয়ে উঠে না। পূজা রোজারিও বেশ ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি আশাবাদী।’ বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে এরমধ্যে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন ফারহানা মিলি। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য মিলি সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে অভিনয় করছেন। এ ছাড়াও তার অভিনীত শাহীন পরিচালিত ‘সোনাভান’ ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। প্রচার শেষ হয়েছে সঞ্জিত সরকারের ‘মজনু একজন পাগল নহে’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘কাগজের ফুল’ ধারাবাহিক দুটি। এরইমধ্যে আরটিভিতে প্রচারিত হয়েছে সঞ্জিত সরকারের নির্দেশনায় নির্মিত খণ্ড নাটক ‘শেষ দেখার পরে’।