ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ঢেউয়ের আঘাতে স্পিড বোটের তলা ফেটে পানিতে ডুবে এক নারীর মৃত্যু এবং আটজন আহত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের চরমৈনট ঘাটে যাওয়ার পথে ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
পরে প্রায় পৌনে এক ঘন্টা পর আরেকটি স্পিড বোট ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে।
নিহত ওই নারীর নাম দুর্গা রানী রায় (৫৭)। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী।
আহতদের মধ্যে নিহত দুর্গা রানী রায়ের নাতি লক্ষণ রায় নামে তিন বছরের একটি শিশু রয়েছে।
ওই স্পিডবোটের যাত্রী সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের চর রাম নগর গ্রামের বাসিন্দা শেখ মামুনের ছেলে মাসুদ আলম জানান, পদ্মা নদী পারাপারের সময় স্পিটবোটে সাধারণত ১২ জন যাত্রী নেওয়ার কথা। কিন্তু দুর্ঘটনাকবলিত স্পিটবোটে ১৮ জন যাত্রী পরিবহন করা হচ্ছিল। তিনি বলেন বোটটি দোহার এলাকার মৈনট ঘাটে পৌঁছানোর আগে নদীর স্রোতে এবং ঢেউয়ের কারনে স্পিডবোটের তলা ফেটে গিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ননী গোপাল হালদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত ও আহত আটজনকে নিয়ে আসা হয়। এর মধ্যে আহত মারিয়ার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে।