তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ কে এম মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার ঘটনাকে 'গুপ্ত মহলের কাঁচা নাটক' বলে অভিহিত করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম বলেন: “কে এম মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার ঘটনাটি একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এর মাধ্যমে এনসিপি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার ষড়যন্ত্র চালানো হয়েছে। গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি ও যুবশক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে শনিবার (২৭ সেপ্টেম্বর) মানহানির মামলা করা হবে।
গত সোমবার সকালে (২২ সেপ্টেম্বর) কে এম মামুনুর রশীদ নিখোঁজ হন। তাকে খুঁজতে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালান। তিন দিন পর, শুক্রবার দুপুর ২টায়, পূর্বাচলের ৩০০ ফুট সড়কের একটি মসজিদ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা-পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার সঙ্গে এনসিপি বা যুবশক্তি জড়িত—এমন অপপ্রচার চালানো হয়েছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে।
এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তারিকুল ইসলাম বলেন: “ফ্যাসিবাদবিরোধী ঐক্যে যারা ফাটল ধরাতে চায়, তাদের জবাব রাজপথেই দেওয়া হবে। যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের মুখোশ খুলে জাতির সামনে আনতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, পুলিশ জানিয়েছে, কে এম মামুনুর রশীদের বক্তব্যে অসংগতি রয়েছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এনসিপি বলছে, মামুনুর রশীদ নিখোঁজ হওয়া এবং উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ব্যবহার করা হচ্ছে।