চট্টগ্রামে এন এ ট্রেডার্স নামে একটি লোহার ডিপোতে হাইড্রোলিক বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকার একটি লোহার ডিপোতে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মেইন কন্ট্রাক্টর মোহাম্মদ করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মোহাম্মদ রাসেল (২৮), মো. বাহার উদ্দিন (৪৫)।
চমেক হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ ওই আটজনকে গতকাল রাত ৮টার দিকে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে কেউ হাত, কেউ পায়ে, কারো মাথা ও মুখমণ্ডলে ঝলসে গেছে। তবে সকলের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন আবুল বশর খানের ছেলে মোহাম্মদ জামাল শনিবার রাত পৌঁনে নয়টার দিকে গণমাধ্যমকে বলেন, সেখানে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।
দগ্ধদের মধ্যে পথচারী আছে তিনজন। আর পাঁচজন ওয়ার্কশপে ছিল। সবাই চিকিৎসাধীন আছে। তবে আশঙ্কাজনক কেউ নেই।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে