এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে মুরগিবাহী একটি বিকল পিকআপের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে।

নিহত ব্যক্তি হলেন মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। সবাই ঢাকার বাসিন্দা এবং একে অপরের আত্মীয়স্বজন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ঢাকার বাসা থেকে তারা মাওয়ায় ঘুরতে আসেন। ভোরে ঘোরা শেষে ফেরার পথে প্রাইভেট কারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগিবাহী পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পাঁচজন আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় স্থানান্তর করা হয়েছে।