মা হ বু ব আ ল ম
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের স্বপ্নময় অভিযাত্রার অংশ হিসেবে প্রতি মাসে নাট্যকর্মীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজন করছে একটি করে লেকচার ওয়ার্কশপ। যেখানে নির্দিষ্ট বিষয়ের উপরে বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাদের গত ৩ ডিসেম্বরের আলোচনার মূল বিষয় ছিল বাংলার মঞ্চ গান। ড. দেবজিত্ বন্দোপাধ্যায় বাংলার মঞ্চ গান আলোচনা করতে গিয়ে শুরু করেন ভারত দেশে লেবেদেফের বাংলা নাটক মঞ্চায়ন এবং সেই নাটকে ‘বিদ্যা সুন্দর’ নাটকের গান ব্যবহার দিয়ে। আলোচনায় উঠে আসে বাংলা যাত্রা শিল্পে পাঁচশ বছর আগে বিবেকের মাধ্যমে নাটকে গান ব্যবহারের ইতিহাস ও উল্লেখ। ইতিহাস আলোচনা এবং বিভিন্ন নাটকে কীভাবে গান ব্যবহার হয়েছে তা-ই চলতে থাকে প্রায় ঘণ্টা দেড়েক। সেখানে রবীন্দ্রনাথ, ডিএল রায়, মনোজ মিত্র হয়ে বাংলাদেশে এসে তার চলা থিতু হয় নাট্যকার নির্দেশক এসএম সোলায়মানের গানে। ড. দেবজিত্ বন্দোপাধ্যায় প্রশংসা করেন বাংলাদেশের ক্ষণজন্মা প্রতিভা এসএম সোলায়মানের নাটকে গানের ব্যবহার এবং রচনার ক্ষমতা নিয়ে। তিনি একে একে এসএম সোলায়মান, আলী যাকের, আব্দুল্লাহ আল মামুনের নাটকের গান নিয়ে আলোচনা করেন এবং নির্বাচিত কিছু গান গেয়ে শোনান। আলোচনা বেশ জমে ওঠে। প্রশ্ন-উত্তর পর্বে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিত কথা তোলেন নাট্যাচার্য সেলিম আল দীনের নাটকের গান নিয়ে। দুঃখের কথা হলো ড. দেবজিত্ বন্দোপাধ্যায় এ যাত্রায় সেলিম আল দীনের গানের স্বরলিপিগুলো ছেড়ে এসেছেন। মনে হলো এ যাত্রায় আমরা বোধহয় বাংলা নাটকে মঞ্চ গানের আলোচনার আরও গভীরতা থেকে বিরত থাকলাম। কেননা, বিষয়টা যেহেতু বাংলা নাটকে মঞ্চ গান তাই আমাদের মঙ্গল কাব্য, চর্যাপদ সবই তো কাব্যে লেখা তাই পুরোটাই গান। সুতরাং, মঙ্গল কাব্য বা চর্যাপদ থেকেই বোঝা যায় আমাদের নাটকে বাংলা গানের প্রাচীনত্ব। এ ছাড়া আমাদের বাংলা নাটকের হাজার বছরের ইতিহাস তো এখন উন্মোচিত। তাই মনে হচ্ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হল-ভর্তি শ্রোতা নাট্যকর্মীদের ভিড়ে ড. দেবজিত্ বন্দোপাধ্যায় যাত্রাশিল্পে পাঁচশ বছর আগে গানের ব্যবহারের যে আলোচনার আলোকপাত শুরু করেছিলেন সেটি বোধহয় গড়াত বাংলার মঞ্চ নাটকের হাজার বছরের ইতিহাসে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এবারের ওয়ার্কশপ আয়োজনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য লাকী ইনাম, সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিত, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি চন্দন রেজাসহ অন্য নেতৃবৃন্দ। নাট্যজন রামেন্দু মজুমদার অনুষ্ঠানের ইতি টানেন।