খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ দুটি ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, পুঠিয়ার ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের রনি হোসেনের ছেলে রাসাদ (২), গোদাগাড়ীর মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের মেয়ে কারিমা খাতুন (২) এবং মো. রাব্বুলের ছেলে মো. রাফি (২)।

পুঠিয়ার কানাইপাড়ায় নিহত রাসাদের পরিবার জানায়, সকালে রাসাদ বাড়ির সামনে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পোষা হাঁস তাড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ পাওয়া যায়।

একই দিনে সকালে গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা গ্রামে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় দুই শিশু—কারিমা ও রাফি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়গুলো নিয়ে যথাযথ প্রক্রিয়ায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

একই দিনে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার সময় এসেছে। অনেক পরিবারেই পুকুর বা জলাশয়ের চারপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।