সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলতাব আলী ও আলীম উদ্দিন পক্ষের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জমির একটি দলিল নিয়ে দু'পক্ষের লোক জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে সকালে দু'পক্ষের লোকজন প্রস্তুতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পডেন।
সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ইট-পাটকেলের ব্যবহার করেছে। এ সংঘর্ষে গুরুতর আহত মোফাজ্জির মিয়া, লিটু মিয়া ও সাম্বুল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আলতাব আলী, জুনেদ আহমেদ, রইছ আলী, রুপ মিয়া, আলীম উদ্দিন, মোস্তাকিম আহমেদ সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।