নদীর বুক জুড়ে ভেসে আসছে ঢাকের তাল, কাশফুলের দোলায় শরতের ছোঁয়া, আর ঘাটে ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। চরাঞ্চলের শান্ত গ্রাম যেন হঠাৎই উৎসবের শহরে পরিণত হলো। দূরে নদীর দিগন্তে দেখা গেল সাদা ঢেউ কেটে আসছে একে একে স্পিডবোটের বহর। মুহূর্তেই আনন্দ ছড়িয়ে পড়লো পুরো গ্রামজুড়ে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্গমচরাঞ্চল মির্জারচর ইউনিয়নে এ দৃশ্য দেখা গেছে।
অর্ধশতাধিক স্পিডবোটের এই যাত্রার উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন শ্যামল। এ সময় তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করেন দুর্গমচরাঞ্চল মির্জারচর ইউনিয়নের শারদীয় দুর্গোৎসব পূজামণ্ডপে। রাত ১০টা পর্যন্ত পরিদর্শন করেন বিভিন্ন মণ্ডপ।
চরের মানুষজন এ দৃশ্যকে দেখেছেন উৎসবের ভিন্নরূপ হিসেবে। স্থানীয়রা বলেন, ‘আমরা নদীর মাঝে বিচ্ছিন্ন। এত বড় বহর নিয়ে কোনো নেতা আগে আসেননি। আজ মনে হচ্ছে, আমরাও দেশের উৎসবের অংশ।’
ইকবাল হোসেন শ্যামল বলেন, দুর্গাপূজা আমাদের ঐতিহ্য, এটি ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই মিলেই এই সমাজকে এগিয়ে নিতে চাই।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জানান, এ সফর এক ধরনের প্রেরণা। তার এ আগমন দুর্গম চরাঞ্চলের মানুষের মনে নতুন আশা জাগিয়েছে।