এক মোটরসাইকেলে ৩ আরোহী, ট্রেনে ধাক্কায় প্রাণ গেল দুজনের

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত  একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিন আরোহী একটি মোটরসাইকেলে ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। পথে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ আরোহীরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।